Thursday, December 18, 2014

জমিজটে স্কুলের বরাদ্দ অর্থ থমকে


নতুন স্কুল তৈরির জন্য পর্যান্ত জমি মেলেনি৷ তাই সর্বশিক্ষা প্রকল্পের টাকায় রাজ্যের অধিকাংশ জেলাতেই প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে স্কুল উন্নতকরণের কাজ থমকে আছে৷ ফলে শিক্ষার অধিকার আইন (আরটিই ) মেনে পড়ুয়াদের বাড়ির কাছে স্কুলে ভর্তি হওয়া অধরাই রয়ে গিয়েছে৷ ফলে পড়ে আছে , কেন্দ্রের বরাদ্দ অর্থ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার রাজ্যের স্কুল পরিদর্শকদের (প্রাথমিক ও মাধ্যমিক ) বৈঠক ডেকেছিলেন৷ তাতে পরিকাঠামোগত নানা সমস্যার পাশাপাশি এই বিষয়েও বিশদে আলোচনা হয়েছে৷ সূত্রের খবর , রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে কত শিক্ষক পদ শূন্য , শৌচাগার ও পানীয় জলের হাল হকিকত , মিড ডে মিল নিয়মিত দেওয়া হয় কিনা , সে সব সম্পর্কে ডিআইদের স্কুলশিক্ষা কমিশনারকে ২৪ ডিসেম্বরের মধ্যেই রিপোর্ট দিতে বলা হয়েছে৷ এমনকি চলতি বছরে পরিদর্শকরা ওই সব স্কুলে কতবার পরিদর্শন করেছেন , তারও রিপোর্ট চাওয়া হয়েছে৷ সেই সঙ্গে অবসরের সঙ্গে সঙ্গে শিক্ষক -শিক্ষিকারা নিয়মিত পেনশন পান কি না , তা নিয়েও শিক্ষামন্ত্রী খোঁজখবর নেন৷

No comments: